ভোলা

ভোলায় বিএনপি নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ

​ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ব্যবসায়ী নুরে আলম পাটোয়ারী এবং তাঁর ভাই সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রবের বিরুদ্ধে একশ্রেণির স্বার্থান্বেষী মহলের ইন্ধনে অপপ্রচারের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করতেই একটি পক্ষ পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র চালাচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

​স্থানীয় সূত্রে জানা যায়, নুরে আলম পাটোয়ারীর সাথে পূর্বে একই এলাকার আলমগীর নামের এক ব্যক্তির জমি জমা সংক্রান্ত বিরোধ থাকলেও পরবর্তীতে তা সম্পূর্ণভাবে মীমাংসা হয়ে যায়। তবে গত ২১ সেপ্টেম্বর নিজস্ব জমির গাছ বিক্রিকে কেন্দ্র করে সেই পুরনো বিরোধকে নতুন করে উসকে দেয় একটি প্রভাবশালী মহল। তারা আলমগীরের ছেলে আবিদ হাসনাইনকে ইন্ধন দিয়ে নুরে আলম পাটোয়ারী ও তাঁর সাবেক পুলিশ কর্মকর্তা ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করায় এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করে।

​এ বিষয়ে নুরে আলম পাটোয়ারী জানান, তার এবং ভাই সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একটি চিহ্নিত মহল রাজনৈতিক ও সামাজিকভাবে তাঁদের হেয়প্রতিপন্ন করতে দীর্ঘদিন ধরে সুযোগ খুঁজছিল। গাছের প্রকৃত মালিক তাঁরা হলেও ষড়যন্ত্রমূলকভাবে তাঁদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করানো হয়েছে। এই কুচক্রী মহলের বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছেন।

​অপরদিকে, বিরোধীয় গাছের মালিকানা দাবি করে আবিদ হাসনাইন জানান, বিক্রি করা গাছগুলো তাঁদের। তবে সরেজমিনে তদন্তে গাছগুলোর প্রকৃত মালিকানা নুরে আলম পাটোয়ারীর পক্ষে যাওয়ার সত্যতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সুস্পষ্ট জবাব না দিয়ে বলেন, বিষয়টি এখন পুলিশ তদন্ত করছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিশা ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক বশির আহমেদ জানান, “অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত কার্যক্রম চলছে। জমি ও গাছের প্রকৃত মালিকানা নির্ধারণের পাশাপাশি নুরে আলম পাটোয়ারী ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচারের যে অভিযোগ উঠেছে, তাও সমান গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ