চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (৩) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার কার্পাসডাঙ্গা মাঝেরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও নিহতর পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে সিয়াম নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী দোকানে চিপস কিনতে যাওয়ার সময় রাস্তার পাশে একটি পুকুরে তার হাত থেকে ১০ টাকার একটি নোট পানিতে অসাবধানতা বসত পড়ে যায়। পানি থেকে টাকাটি উদ্ধার করার সময় পানিতে ডুবে যায় সিয়াম। এরপর এলাকাবাসী পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহতর বাবা শফিকুল ইসলাম জানান, রোববার সকালে তার ছেলে সিয়াম বাড়ির পার্শ্ববর্তী দোকানে চিপস কিনতে গেলে এ ঘটনা ঘটে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে বলেও তিনি জানান।



