আখাউড়ায় হতে যাচ্ছে দিনব্যাপী হেলিকপ্টার রাইড, প্রধান অতিথি কবির আহমেদ ভূইয়াঁ


আখাউড়ার ইতিহাসে প্রথমবারের মতো একটি বৃহৎ কর্পোরেট আয়োজনের সাক্ষী হতে যাচ্ছে স্থানীয় জনগণ। আগামী ১৮ অক্টোবর ২০২৬ (রবিবার) আখাউড়া শহীদ স্মৃতি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত “আখাউড়া স্কাই এক্সপেরিয়েন্স”, যেখানে সাধারণ মানুষ হেলিকপ্টারে চড়ে আকাশ থেকে দেখতে পারবেন প্রিয় শহর আখাউড়া ও এর আশপাশের মনোরম জনপদ।
আয়োজকরা বলছেন, এটি কেবল একটি হেলিকপ্টার রাইডের অনুষ্ঠান নয়; বরং আখাউড়ায় আধুনিক কর্পোরেট সংস্কৃতি, বিনোদন, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং পারিবারিক মিলনমেলার এক ব্যতিক্রমী প্ল্যাটফর্ম হতে যাচ্ছে।
দিনব্যাপী অনুষ্ঠানে হেলিকপ্টার জয়রাইডের পাশাপাশি থাকছে বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবারভিত্তিক বিনোদন, খাদ্য স্টল, বইয়ের স্টল, স্থানীয় ব্যবসা ও পণ্যের প্রদর্শনী। আয়োজকরা আশা করছেন, এই আয়োজন আখাউড়ার সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে একটি নতুন মাত্রা যোগ করবে।
এছাড়া স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্যও বিশেষ সুযোগ রাখা হয়েছে। স্পন্সর ও প্রদর্শক হিসেবে যুক্ত হয়ে তাদের পণ্য ও সেবাকে হাজারো দর্শনার্থীর সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান এবি হেলিকপ্টার সার্ভিস এবং স্মার্ট ফ্লাইট সেন্টার।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উন্নয়ন কৌশলি ও চাই আন্তর্জাতিক ব্যাবসায়ী কবীর আহমেদ ভূঁইয়া। আয়োজন সম্পর্কে তিনি বলেন,
“আমি সবসময় কর্পোরেট ও ইতিবাচক উদ্যোগকে সমর্থন করি। এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমি তাদের সঙ্গে সার্বিকভাবে আছি এবং থাকবো, ইনশাআল্লাহ। যাঁদের সামর্থ্য রয়েছে, আমি সবাইকে টিকিট সংগ্রহ করে এই অনন্য অভিজ্ঞতা গ্রহণের আহ্বান জানাই। আমি বিশ্বাস করি, আখাউড়া এভাবেই সামনে এগিয়ে যাবে এবং নতুন সম্ভাবনাকে আমি আরো জাগিয়ে তুলতে চাই ।”
অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক নির্জন মোশাররফ বলেন,”আমরা গত তিন বছর ধরে হেলিকপ্টার-সংশ্লিষ্ট ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছি। তবে আখাউড়ায় এই আয়োজন নিঃসন্দেহে একটি মেগা ইভেন্ট। এই পরিকল্পনা বাস্তবায়নে জনাব কবীর আহমেদ ভূঁইয়া শুরু থেকে যেভাবে সহযোগিতা করেছেন তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা চাই আখাউড়াবাসী একটি নিরাপদ, সুশৃঙ্খল এবং স্মরণীয় অভিজ্ঞতা লাভ করুক।”
বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতির কথা মাথায় রেখে আয়োজকরা নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়েও বিশেষ গুরুত্ব দিয়েছেন। অনুষ্ঠানস্থলে স্কাউট সদস্য, স্বেচ্ছাসেবক দল এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা হবে।
আয়োজকদের আশা, “আখাউড়া স্কাই এক্সপেরিয়েন্স” শুধু একটি দিনের অনুষ্ঠান হয়ে থাকবে না, বরং ভবিষ্যতে আখাউড়ায় আরও বৃহৎ বিনিয়োগ, কর্পোরেট উদ্যোগ এবং পর্যটনভিত্তিক আয়োজনের পথ খুলে দেবে। স্থানীয় অনেকেই ইতোমধ্যে এ আয়োজনকে আখাউড়ার জন্য একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন।
আকাশপথে প্রিয় শহরকে দেখার রোমাঞ্চের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি, ব্যবসা ও সামাজিক সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে এই ব্যতিক্রমী আয়োজন। আখাউড়াবাসী এখন অপেক্ষায়, ইতিহাস গড়ার সেই বিশেষ দিনের।


