ভোলার মেঘনায় অবৈধভাবে বালু তোলায় আটক ৮, জরিমানা ও কারাদণ্ড


ভোলা প্রতিনিধি : উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে ভোলা সদর উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে ৮ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ৪টি খননযন্ত্র (ড্রেজার) ও ১টি বাল্কহেড জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত নৌযানের মালিকদের দুই লাখ টাকা জরিমানা এবং আটককৃতদের মধ্যে সাতজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে কোস্ট গার্ড দক্ষিণ (ভোলা) জোনের একটি বিশেষ দল। আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—রুবেল (২৭), রিপন (২৫), নোমান মিয়া (২২), মো. আব্বাস (৩৮), পরশ মনি হাওলাদার (৪০), সুমন হাওলাদার ও মো. খলিল। তাঁরা সবাই ভোলা ও বরিশাল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মেঘনা নদী থেকে বালু তোলা অবস্থায় হাতেনাতে ওই আটজনকে আটক করা হয়। অভিযানের পর ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ড্রেজার ও বাল্কহেড মালিকদের ২ লাখ টাকা জরিমানা নির্ধারণ করেন। পাশাপাশি আটক ৭ জন বালু উত্তোলনকারীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটক অপরজন ১৬ বছর বয়সী ইয়ামিন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁর কাছ থেকে মুচলেকা নিয়ে স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।



