ভোলা

তথ্যমন্ত্রীর উদ্যোগে ভোলায় ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’

​ইয়ামিন হোসেন, ভোলা: ভোলার অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এক বিশেষ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের ব্যক্তিগত অর্থায়নে সদর উপজেলাজুড়ে পরিচালিত হচ্ছে বৃহৎ ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’।

​ভোলায় ২৫০ শয্যার সাধারণ হাসপাতাল থাকলেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল সংকট তীব্র। ফলে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন সাধারণ মানুষ। এ পরিস্থিতিতে সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার অসচ্ছল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চার ধাপে এই বিশেষ কার্যক্রম সাজানো হয়েছে।

​ইতোমধ্যে প্রথম তিনটি ধাপের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজাপুর, পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা, বাপ্তা, কাচিয়া, ধনিয়া, আলীনগর, দক্ষিণ দিঘলদী ও উত্তর দিঘলদী ইউনিয়নে আয়োজিত এসব ক্যাম্পে প্রায় ১০ হাজার মানুষ সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেছেন।

​আগামী শনিবার ভেদুরিয়া, ভেলুমিয়া ও চরসামাইয়া ইউনিয়নে চতুর্থ ও চূড়ান্ত ধাপের দিনব্যাপী ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে।

​বিনামূল্যে দোরগোড়ায় আধুনিক চিকিৎসা ও ওষুধ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় সুফলভোগীরা। চিকিৎসাসেবা গ্রহণ শেষে আবেগপ্লুত হয়ে সজল দাশ, পরান শীল ও মোতালেব হোসেন বলেন, “বয়সের ভারে নানা রোগে ভুগলেও অর্থাভাবে শহরে গিয়ে ডাক্তার দেখানো কিংবা ওষুধ কেনা আমাদের পক্ষে সম্ভব হতো না। বাড়ির পাশে এমন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমাদের অনেক বড় উপকার হয়েছে।”

​চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসক ড. জান্নাতুল মায়া জানান, “ক্যাম্পে এমন অনেক রোগী আসছেন যারা জীবনে কখনোই শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখাননি। এ ধরনের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্প সত্যি আশীর্বাদস্বরূপ।”

​এ বিষয়ে ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন জানান, ভোলার প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য দরিদ্র ও অসচ্ছল মানুষ রয়েছেন যারা অর্থসংকটে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারেন না, গ্রামের পল্লী চিকিৎসকরাই তাদের একমাত্র ভরসা। ভোলার সাধারণ মানুষের সেই কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

​তিনি আরও বলেন, “ভোলার কোনো মানুষ যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না থাকে—বিজেপি চেয়ারম্যান ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের মূল লক্ষ্যই এটি। পর্যায়ক্রমে এই মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এই বিভাগের আরও সংবাদ