ভোলায় প্রথমবারের মতো মাদ্রাসা শিক্ষার্থীদের আরবি ভাষা প্রতিযোগিতা অনুষ্ঠিত


ভোলা প্রতিনিধি: মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা প্রদান এবং আরবি ভাষায় বিশেষ দক্ষতা অর্জনের লক্ষ্যে ভোলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরবি ভাষাভিত্তিক প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদ্রাসার আয়োজনে প্রতিষ্ঠানটির নিজস্ব হলরুমে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ভোলা সদর উপজেলার ৬টি মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে ছিল মিজান ও মুনসায়িব মুখস্থ, একশত আমেল মুখস্থ, কুরআনের ১১৪ সূরার নাম অর্থসহ মুখস্থ বলা, তাহকীক লেখা, আরবি-বাংলা অনুবাদ, আরবি দরখাস্ত লেখা, আরবিতে তাৎক্ষণিক বক্তব্য ও কুইজসহ বেশ কয়েকটি আকর্ষণীয় ইভেন্ট। শিক্ষার্থীরা এসব ক্যাটাগরিতে তাদের পারদর্শিতা ও মেধার স্বাক্ষর রাখে।
মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, “সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের আরবি ভাষায় সমানভাবে পারদর্শী করে তোলা সময়ের দাবি। আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে এবং ইসলামের মূল ধর্মীয় গ্রন্থসমূহ সঠিকভাবে অনুধাবনে আরবি ভাষার গুরুত্ব অপরিসীম। এ ধরনের ভিন্নধর্মী আয়োজন শিক্ষার্থীদের ভাষা চর্চা, আত্মবিশ্বাস বৃদ্ধি ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা সেক্রেটারি হারুনুর রশীদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিবুল হাসান, মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম, চর পাঙ্গাশিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ আমির হোসাইন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির কামাল হোসাইন এবং ইলিশা ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ জাহের। এ ছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিরা।



