দামুড়হুদায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১


চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর-পরানপুর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মিঠু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন (২৭) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত দুজনই দর্শনার বাসিন্দা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লোকনাথপুর-পরানপুর সড়কের পোল্ট্রি ফার্মের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠু ও আলামিন মোটরসাইকেলযোগে লোকনাথপুর থেকে পরানপুরের দিকে যাচ্ছিলেন। তারা পোল্ট্রি ফার্মের মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক মিঠু মারা যান।
নিহত মিঠু দর্শনার পরানপুর গ্রামের বেলেমাঠ পাড়ার এনামুল হকের ছেলে। তার মায়ের নাম সালেহা বেগম।
অন্যদিকে, দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আলামিন গুরুতর আহত হন। তিনি দর্শনার নান্তিপাড়ার জসিম উদ্দিনের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটির গতি বেশি ছিল। মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে মিঠুর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও বেলেমাঠ পাড়ায় শোকের ছায়া নেমে আসে।



