ঝিনাইদহ

সন্ত্রাসবিরোধী অভিযানে কালীগঞ্জ আ’লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাস ও নাশকতাবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত দুই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে নাশকতা ও সহিংসতার মামলায় তাদের ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো-কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বনখির্দ্দা গ্রামের ফারুক হোসেন, একই সংগঠনের নেতা দুলালমুন্দিয়া গ্রামের রবিউল ইসলাম (৪৫), ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলালমুন্দিয়া গ্রামের আব্দুল আজিজ, মালিয়াট ইউনিয়ন যুবলীগের কর্মী রবিউল ইসলাম টিপু (৪৬), শিমলা-রোকনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পাতবিলা গ্রামের সিদ্দিকুর রহমান (৫৫), ত্রিলোচনপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বালিয়াডাঙ্গা গ্রামের সোহাগ হোসেন (৪০), কালীগঞ্জ পৌর ছাত্রলীগের কর্মী মধুগঞ্জ ঢাকালে পাড়ার ইরফান রাজা রুকু (২৫) এবং ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহসভাপতি ঝনঝনিয়া গ্রামের এস এম মনিরুল ইসলাম (৩১)।

পুলিশ জানায়, এসব গ্রেপ্তারের পাশাপাশি থানায় তদন্তাধীন মামলায় আরও চার-পাঁচজনকে আটক করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, সন্ত্রাস ও নাশকতাবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গত দুই দিনে বিভিন্ন সময়ে দায়ের করা সন্ত্রাস, নাশকতা ও তদন্তাধীন মামলার এজাহারভুক্ত ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও রয়েছেন।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। সন্ত্রাস ও নাশকতাবিরোধী অভিযানের পাশাপাশি মাদকের বিরুদ্ধেও পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ