উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য—এই অঙ্গীকারকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুধে ভেজাল প্রতিরোধের পাশাপাশি ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় সভায়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর দুগ্ধ ব্যবসায়ী সমিতির উদ্যোগে মোহনপুর কে এম ইনস্টিটিউশনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার দুগ্ধ ব্যবসায়ী ও দুগ্ধ শীতলীকরণ মালিকপক্ষ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন শ্রী গোপাল রঞ্জন ঘোষ। উপস্থিত ছিলেন দুগ্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম তারেক রহমানসহ সংশ্লিষ্ট প্রায় ৭০ দুগ্ধ ব্যবসায়ীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উল ইসলাম।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এবং সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দুধ মানুষের দৈনন্দিন পুষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। তাই দুধে কোনো ধরনের ভেজাল বা অনিরাপদ উপাদান মেশানো হলে তা জনস্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। একই সঙ্গে দুধ উৎপাদন, সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের প্রতিটি পর্যায়ে স্বাস্থ্যসম্মত পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা শুধু দুধ নয়, সব ধরনের খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধে ব্যবসায়ী, উৎপাদক ও ভোক্তা—সবার সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন মেনে ব্যবসা পরিচালনা এবং মানসম্মত পণ্য সরবরাহের আহ্বান জানানো হয়সভায়।
এ সময় উপস্থিত দুগ্ধ ব্যবসায়ীরা ভেজাল দুধ প্রতিরোধ, দুধের মান বজায় রাখা এবং ভোক্তাদের কাছে নিরাপদ ও মানসম্মত দুধ পৌঁছে দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সংশ্লিষ্ট দপ্তর ও দুগ্ধ ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতার ওপরও গুরুত্ব দেওয়া হয়। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভার সমাপ্তি হয়।



