মহেশপুরে পুলিশের তৎপরতায় ২ মাদকসেবী গ্রেফতার


নিজস্ব সংবাদদাতাঃ ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে মাদকদ্রব্য সেবন ও জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ০২ (দুই) জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) হাজির করা হলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, মহেশপুর সাজা প্রদান করেন।
ঘটনার বিবরণ ও সাজাপ্রাপ্তদের তথ্য:
গত ২৮/০৯/২০২৬ খ্রিঃ তারিখে মহেশপুর থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক সেবন ও শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অপরাধে হাতেনাতে দুইজনকে গ্রেফতার করে।
১. মোঃ লাল চান (২৫), পিতা- আতিয়ার রহমান, সাং- ভালাইপুর (ভালাইশ্বর), থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ। তাকে মাদকদ্রব্য (গাঁজা) সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ ধারায় ০৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় (মামলা নং: মহেশ মিস ৯৭/২৬)।
২. মোঃ শাহরিয়ার নাফিজ (২১), পিতা- আব্দুল জাব্বার, মাতা- সাজেদা খাতুন, সাং- যাদবপুর, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ। তাকে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) সেবনের অপরাধে একই আইনের ৩৬(৫) ধারায় ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় (মামলা নং: মহেশ মিস ৯৮/২৬)।
অভিযানকালে আসামিদের হেফাজত থেকে মাদকদ্রব্য (গাঁজা ও ইয়াবা ট্যাবলেট) আলামত হিসেবে জব্দ করা হয়। মোবাইল কোর্টের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, মহেশপুর (মোঃ সাজ্জাদ হোসেন) উক্ত সাজা পরোয়ানা জারি করেন। সাজাপ্রাপ্ত আসামিদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ রহমান জানান, মহেশপুর থানা এলাকায় মাদক নির্মূল, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



