কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন, যশোরে নেওয়ার পথে নারীর মৃত্যু


নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে গুরুতর আহত রাবেয়া খাতুন (৩৫) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাবেয়া খাতুন রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন।
জানা যায়, মোবারকগঞ্জ স্টেশনে যাত্রাবিরতির পর ট্রেনটি ছেড়ে দেওয়ার সময় রাবেয়া ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে প্ল্যাটফর্মের নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকায় তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তাঁর একটি হাতসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে।
পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোরে রেফার করেন। যশোরে নেওয়ার পথে সাতমাইল এলাকায় পৌঁছালে সকাল সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। রাবেয়া খাতুন ঢাকার খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।
মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোরে রেফার করা হয়। তবে পথে তাঁর মৃত্যুর খবর তিনি লোকমুখে জানতে পারেন।



