কলাপাড়ায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা বিতরণ


কুয়াকাটা প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় সুবিধাভোগী পরিবার, শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৩৫০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)। দাতা সদস্য কার্ক ইন এক্টি (KIA), নেদারল্যান্ডসের সহায়তায় আয়োজিত কর্মসূচিতে ৩৫০টি সুবিধাভোগী পরিবার ও শিক্ষার্থীর পাশাপাশি ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।

পশ্চিম হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি কার্যালয়ের অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিমা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিআরএসএসের নিরাপদ জীবন-জীবিকা প্রকল্পের অর্গানাইজার আলবাট সবুলান বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাওলানা হারুন অর রশিদ, পশ্চিম হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এসএম আবুল হোসেন, সিআরএসএস-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর রিগবী সেতু গমেজ, মহিপুর প্রেসক্লাবের সদস্য মাইনুদ্দিন আল আতিক ও সুরক্ষা প্রকল্পের ব্যবস্থাপক কিরন বাড়ৈ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন সিআরএসএসের প্রকল্প ব্যবস্থাপক সুজিত হালদার। চারা রোপণ ও পরিচর্যা বিষয়ে পরামর্শ দেন প্রকল্পের এগ্রিকালচার অফিসার মো. শফিকুল ইসলাম ও অর্গানাইজার সাথী রায়।
বক্তারা বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও নিবিড়ভাবে সম্পর্কিত। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ জরুরি।
এ সময় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা এবং বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় বৃক্ষের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
চারা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তারা রোপণের পর নিয়মিত পরিচর্যার মাধ্যমে চারা গাছগুলো বাঁচিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।



