ইসরায়েলকে ২৮০ কোটি ডলারের বোমা বিক্রির প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের


ইসরায়েলের কাছে প্রায় ২৮০ কোটি ডলারের ৯০৭ কেজি ওজনের (২ হাজার পাউন্ড) বোমার প্যাকেজ বিক্রির প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বার্তাসংস্থা ওয়াশিংটন পোস্ট ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই এই ধরনের বোমার সবচেয়ে বড় একক চালান হতে পারে।
মার্কিন বৈদেশিক সামরিক সহায়তা অর্থায়ন কর্মসূচির আওতায় প্রস্তাবিত এই প্যাকেজে রয়েছে মোট ৪০ হাজার বোমা। এর মধ্যে ২০ হাজার এমকে-৮৪ সাধারণ ব্যবহারের বোমা এবং ২০ হাজার বিএলইউ-১১৭ বোমা রয়েছে। বিএলইউ-১১৭ হলো এমকে-৮৪-এর তাপ-প্রতিরোধী একটি সংস্করণ, যা মূলত নৌযানে নিরাপদে সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে। পাশাপাশি শক্তিশালী ও ভূগর্ভস্থ স্থাপনায় আঘাত হানার জন্য তৈরি আই-২০০০ পেনিট্রেটর ওয়ারহেডও রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম উপসাগরীয় যুদ্ধে মার্কিন পাইলটদের কাছে ‘হ্যামার’ নামে পরিচিত এমকে-৮৪ পশ্চিমা দেশগুলোর অন্যতম শক্তিশালী প্রচলিত বোমা। এটি বিস্ফোরণের পর কয়েকশ মিটার পর্যন্ত ধাতব টুকরো ছড়িয়ে দিতে পারে এবং পুরু কংক্রিট ভেদ করার ক্ষমতা রাখে।
প্রস্তাবিত অস্ত্র বিক্রির বিষয়ে মার্কিন কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটিগুলোকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানানোর আগে এ ধরনের প্রস্তাবিত অস্ত্র বিক্রি নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর।
গাজা ও লেবাননে ইসরায়েল কয়েকশবার ৯০৭ কেজির বোমা ব্যবহার করেছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, বেসামরিকদের জন্য নিরাপদ হিসেবে চিহ্নিত এলাকাতেও এসব বোমা ব্যবহার করা হয়েছে।
২০২৪ সালে বেসামরিক হতাহতের আশঙ্কায় তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ৯০৭ কেজির বোমার একটি চালান আটকে দিয়েছিল। তবে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম মাসেই সেই স্থগিতাদেশ প্রত্যাহার করেন।
এদিকে নতুন অস্ত্র চুক্তির প্রস্তাব এমন এক সময়ে এসেছে, যখন ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে টানাপোড়েন বাড়ছে এবং ইসরায়েলকে নিঃশর্ত সামরিক সহায়তা দেওয়া নিয়ে মার্কিন কংগ্রেসে দুই দলের মধ্যেই উদ্বেগ দেখা দিয়েছে।
মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেছেন, তিনি এই অস্ত্র বিক্রি ঠেকাতে কাজ করবেন। সাবেক কংগ্রেস সদস্য মার্জরি টেলর গ্রিনও এই চুক্তির সমালোচনা করেছেন।



