গাইবান্ধা

সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক বিক্রির অভিযোগে ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে হামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বেতকাপা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শিমুল মিয়া (৪২)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিমুল মিয়া অভিযোগ করেন, পার আমলাগাছি গ্রামের ইসরাফিল ওরফে কিনু ও সাদেক আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। তাদের মাদক সেবন ও বিক্রির দৃশ্য মোবাইলে ধারণ করায় গত ১৩ সেপ্টেম্বর রাতে তার ওপর হামলা করা হয়।

শিমুলের অভিযোগ, এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয় এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকৃত ঘটনা আড়াল করে তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাফুজ ও বেতকাপা ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি এরশাদ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ