ভোলা

লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার

মোহাঃ নূরন্নবী তন্ময়, বিশেষ প্রতিনিধি:স্থানীয় সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন মাননীয় স্পিকার মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ।

রবিবার সকাল প্রায় ১০টার দিকে পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, অন্তর্বিভাগ এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের বেডে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং হাসপাতাল থেকে বিনামূল্যে সরবরাহকৃত ওষুধ ও খাবার সঠিকভাবে পাচ্ছেন কি না, সে বিষয়ে সরাসরি কথা বলেন মেজর হাফিজ উদ্দিন।

হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও এক ধাপ এগিয়ে নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষ ও চিকিৎসকদের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন তিনি। এসময় চিকিৎসা সেবার মান বাড়াতে জরুরি মেডিকেল অফিসার পদায়ন করতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবহিত করেন, দ্রুত পদায়নের আশ্বাস দেন। তিনি সভায় আরো বলেন, গ্রামীণ জনপদের মানুষের আস্থার প্রতীক হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে আসা কোনো রোগী যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, চিকিৎসকদের সময়মতো উপস্থিতি এবং সেবার মান শতভাগে উন্নীত করার জন্য তিনি হাসপাতাল প্রশাসনের প্রতি কঠোর দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু মাহামুদ তালহা, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. মহাসীন, নার্সিং সুপার ভাইজার মোসাঃ তাসলিমা বেগম, কর্মচারী স্টাফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাননীয় স্পিকারের এই আকস্মিক পরিদর্শনে পুরো হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যায় এবং সাধারণ রোগীদের মাঝে স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ পায়।

এই বিভাগের আরও সংবাদ