রাজশাহী

পুঠিয়ায় শোভাযাত্রা-আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ব্যুরো প্রধান রাজশাহীঃ শুধু অক্ষরজ্ঞান নয়, দৈনন্দিন জীবন ও কর্মক্ষেত্রে জ্ঞান প্রয়োগের সক্ষমতা অর্জনই কার্যকর সাক্ষরতার মূল লক্ষ্য—এমন প্রত্যয় নিয়ে রাজশাহীর পুঠিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটির প্রতিপাদ্য ও সাক্ষরতার গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোখলেসুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। তবে কেবল অক্ষরজ্ঞান অর্জন করলেই সাক্ষরতার উদ্দেশ্য পূরণ হয় না। দৈনন্দিন জীবন, কর্মসংস্থান ও সিদ্ধান্ত গ্রহণে অর্জিত জ্ঞান কার্যকরভাবে প্রয়োগের সক্ষমতাও নিশ্চিত করতে হবে। তাঁরা বলেন, কার্যকর সাক্ষরতা মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি সামাজিক বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার আরও জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মোহা. আসাদুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আসাদুল ইসলাম আসাদ, মৎস্য ব্যবসায়ী ও উদ্যোক্তা প্রভাষক আতিকুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ