শীর্ষ নিউজ

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

ভারতের কলকাতায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু আবাসিক হোটেল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের আবাসন সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি এড়াতে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে কলকাতা ভ্রমণ না করার জন্য বাংলাদেশিদের সতর্ক করেছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করে বাংলাদেশ উপহাইকমিশন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ আগস্ট কলকাতায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের পর দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ আবাসিক হোটেল ও রেস্তোরাঁগুলো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাবিধি ও অন্যান্য নিয়মকানুন মেনে এসব প্রতিষ্ঠান পুনরায় চালু করতে এক মাসের বেশি সময় লাগতে পারে।

এ অবস্থায় কলকাতায় গিয়ে আবাসনসংক্রান্ত সমস্যায় পড়া এড়াতে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণের আগে হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে হোটেলটি বর্তমানে চালু আছে কি না, কক্ষের প্রাপ্যতা এবং অবস্থান সম্পর্কেও আগে থেকে নিশ্চিত হয়ে নিতে বলা হয়েছে।

বিশেষ করে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যাওয়া রোগীদের সফরসঙ্গীদের ভ্রমণের আগেই হোটেল বুকিং নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট হোটেলে কক্ষের প্রাপ্যতা, বুকিংয়ের বৈধতা, হাসপাতাল থেকে হোটেলের দূরত্ব এবং প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে যথাযথভাবে নিশ্চিত হয়ে কলকাতায় আসার পরামর্শ দিয়েছে উপহাইকমিশন।

এই বিভাগের আরও সংবাদ