শীর্ষ নিউজ

শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উড়োজাহাজটির একটি আসনের নিচে বিশেষ কৌশলে স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের একটি দল অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করে।

অভিযানের সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ বিমানবন্দরে দায়িত্ব পালনকারী সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কাস্টমস সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজটিতে বিশেষ তল্লাশি চালানো হয়। একপর্যায়ে একটি সিটের নিচে স্কচ টেপ দিয়ে মোড়ানো সন্দেহজনক প্যাকেটের সন্ধান পাওয়া যায়। পরে প্যাকেটগুলো খুলে মোট ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি। কাস্টমসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাত ১০টার দিকে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে সিটের নিচে স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি এবং আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা।”

তবে স্বর্ণগুলো কে বা কারা উড়োজাহাজের সিটের নিচে রেখেছিল এবং এর সঙ্গে কোনো যাত্রী, ক্রু কিংবা সংঘবদ্ধ চোরাচালান চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণ জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং স্বর্ণের চালানটির উৎস ও গন্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও সংবাদ