ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্যমন্ত্রী


ইয়ামিন হোসেন,ভোলা: ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না বলে হুঁশিয়ারি ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। একই সাথে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তাঁর দলে কোনো টেন্ডারবাজ ও সন্ত্রাসীর স্থান হবে না।
তিনদিনের সরকারি সফরে বুধবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ভোলায় পৌঁছে শহরের নতুনবাজারে আয়োজিত এক পথসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম ভোলা সফর।
বক্তব্যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, “ভোলার জন্য বরাদ্দকৃত সকল কাজ শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হবে। জিআর ও টিআরের কাজ আপনারাই স্থানীয়ভাবে বুঝে নেবেন।” ভোলা-বরিশাল সেতু নির্মাণ ভোলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি উল্লেখ করে তিনি বলেন, “এই সেতু বাস্তবায়নে আমরা গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছি। ভোলার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব—কারণ ভোলা আমাদের সবার।”
এর আগে সকালে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে স্বাগত জানাতে সড়কের দুপাশে ফুল হাতে ভিড় জমান হাজারো নেতাকর্মী ও সমর্থক। সড়কপথে বরিশালের লাহারহাট হয়ে নৌপথে ভোলার খেয়াঘাটে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান, জেলা প্রশাসক শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সম্পাদক মোতাসিম বিল্লাহসহ বিএনপি ও বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সফরসূচি অনুযায়ী, তিনদিনের এই সরকারি সফরের আগামী দুইদিন তিনি ভোলায় অবস্থান করবেন এবং এলাকার বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও দলীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।



