জাতীয়

২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিংয়ের আওতায় আসবে: ববি হাজ্জাজ

২০২৭ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, আগামী বছর থেকে দেশের প্রায় ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে পুষ্টিকর খাবারের আওতায় আনা হবে। প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হার শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যেও কাজ করছে সরকার।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের কার্যক্রমবিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, মাল্টিমিডিয়া ক্লাসরুমের যন্ত্রপাতি নিয়ে বিগত সময়ে কিছু ক্ষেত্রে যেভাবে লুটপাট হয়েছে, আগামীতে তা আর হতে দেয়া হবে না।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান, সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) আবুল আমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বাজেট ও অডিট) ইসরাত জাহান, দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কর্মসূচির মূল বৈশিষ্ট্য হলো শুকনো খাবারের পরিবর্তে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর রান্না করা দুপুরের খাবার বা মিড-ডে মিল সরবরাহ করা।

দিনাজপুর জেলার পাঁচটি উপজেলার ৩৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। উপজেলাগুলো হলো-কাহারোল, ঘোড়াঘাট, বিরল, বিরামপুর ও বোচাগঞ্জ।এ কর্মসূচির মাধ্যমে পাঁচ উপজেলার ৬৮ হাজার ৭৬১ জন শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে।

ওরিয়েন্টেশন কর্মশালায় জেলার ওই পাঁচ উপজেলার ৩৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও সংবাদ