যুদ্ধ, হরমুজ ও চাবাহার ইস্যুতে মোদি-পেজেশকিয়ানের বৈঠক


যুদ্ধ, হরমুজ ও চাবাহার ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের কিছু মহল ইরানের সঙ্গে যুদ্ধ অব্যাহত রাখতে আগ্রহী বলে অভিযোগ করেছেন মাসউদ পেজেশকিয়ান। তবে ইরান কখনোই যুদ্ধ চায় না এবং সংঘাতের সমাধানে আলোচনা ও সহযোগিতাকেই পথ হিসেবে দেখছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে দুই দেশের নেতা এই বৈঠক করেন।
বৈঠকে পেজেশকিয়ান মোদিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভেতরে এমন কিছু পক্ষ রয়েছে যারা যুদ্ধের ধারাবাহিকতা চায়।তিনি বলেন, ‘ইরান কখনোই যুদ্ধকে স্বাগত জানায় না।’ তবে যুক্তরাষ্ট্র তার দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করেনি বলেও অভিযোগ করেন ইরানের প্রেসিডেন্ট।
পেজেশকিয়ান মোদিকে বলেছেন, যুদ্ধ চালিয়ে যাওয়া কারও স্বার্থে নয়। বিদ্যমান সমস্যার সমাধানে সংলাপ ও সহযোগিতাই একমাত্র পথ।
বৈঠকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সামুদ্রিক সহযোগিতা নিয়েও আলোচনা করেন দুই নেতা। পাশাপাশি ইরানের চাবাহার বন্দরে ভারত-ইরান সহযোগিতার অগ্রগতি নিয়েও কথা হয়েছে।
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চাবাহার বন্দরের একটি টার্মিনাল উন্নয়নে ভারত অন্তত ১২ কোটি ডলার বিনিয়োগ করেছে। এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা অব্যাহতির মেয়াদ রোববার শেষ হয়েছে।
এর মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত দেখা দিয়েছে। তবে তেহরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করতে আগ্রহী বলে জানিয়েছেন পেজেশকিয়ান।
সূত্র : আল জাজিরা



