ময়মনসিংহ

নান্দাইলে “5 Zero +” ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

এইচএম সাইফুল্লাহ্, স্টাফ রিপোর্টার: শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে “ক্ষুধা, অপুষ্টি, শিশুশ্রম, বাল্যবিবাহ ও বিদ্যালয়বহির্ভূত শিশু” নির্মূলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের “5 Zero +” ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার নান্দাইল উপজেলার উদং মধুপুর উচ্চ বিদ্যালয় মাঠে সিংরইল পিএফএ এর আয়োজনে এবং নান্দাইল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ খেলার আয়োজন করা হয়।

খেলাকে কেন্দ্র করে এলাকার শিশু ও যুবদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলাধুলার পাশাপাশি ক্যাম্পেইনের ৫টি বিষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আচারগাঁও পিএফ এর প্রোগ্রাম অফিসার সোমা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদং মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক ফকির এবং উদং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন আচারগাঁও ঘাসফুল শিশু ফোরাম ও যুব ফোরামের সদস্যবৃন্দ, আচারগাঁও ইউনিয়নের ফেসিলিটেটরগণ এবং এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, “5 Zero+” শিশুর সুন্দর ভবিষ্যৎ, আমাদের সম্মিলিত অঙ্গীকার।” তারা শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

উক্ত প্রীতি ফুটবল ম্যাচের ধারা বর্ণনা করেন নান্দাইল ঘাসফুল যুব ফোরামের সাধারণ সম্পাদক তোফায়েল হাসান রাকিব এবং আচারগাঁও ঘাসফুল যুব ফোরামের সভাপতি সারোয়ার জাহান। খেলা শেষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ