৩ সেপ্টেম্বর পর্দা উঠছে ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬’


আগামী ৩ সেপ্টেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় পর্দা উঠছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন আয়োজন ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট (BTM) ২০২৬’-এর।
বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া) – এর আয়োজনে ৩ থেকে ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই ট্রাভেল মার্টকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
দেশের পর্যটন বাণিজ্যকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা, দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক তৈরি এবং বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট।
বিটিএম ২০২৬-এ দেশি-বিদেশি ট্যুর অপারেটর, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (ডিএমসি), এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি, পর্যটন সংস্থা এবং অন্যান্য ট্রাভেল সার্ভিস প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। আয়োজনটিতে প্রায় ১০০ প্রদর্শক, ৬০ ট্রেড বায়ার এবং ১৫ হাজার দর্শনার্থীর অংশগ্রহণ প্রত্যাশা করছেন আয়োজকরা।
এবারের আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ Pre-Scheduled B2B Buyer-Seller Meeting। অংশগ্রহণকারী Buyer ও Seller-রা অনলাইন PSA (Pre-Scheduled Appointment) System ব্যবহার করে আগে থেকেই পছন্দের ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করতে পারবেন।
এর ফলে শুধু পরিচিতি বা সৌজন্য সাক্ষাৎ নয়, বরং নির্দিষ্ট ব্যবসায়িক লক্ষ্য নিয়ে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি আলোচনা, নতুন চুক্তির সম্ভাবনা, প্যাকেজ ও পণ্য বিনিময়, নতুন গন্তব্য নিয়ে কাজ এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারিত্ব তৈরির সুযোগ সৃষ্টি হবে।
বাংলাদেশের ট্রাভেল ফেয়ার আয়োজনের ক্ষেত্রে এই কাঠামোবদ্ধ Buyer-Seller Meeting আন্তর্জাতিক পর্যটন বাণিজ্যের সঙ্গে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ আরও কার্যকর করবে বলে আশা করছে বোটোয়া।
বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬-এ B2B (Business-to-Business) এবং B2C (Business-to-Consumer) কার্যক্রম পৃথকভাবে পরিচালিত হবে।
B2B অংশে ট্রাভেল ট্রেড পেশাজীবীরা দেশি-বিদেশি Buyer ও Seller-এর সঙ্গে ব্যবসায়িক বৈঠক, নেটওয়ার্কিং এবং নতুন অংশীদারিত্ব তৈরির সুযোগ পাবেন।
অন্যদিকে B2C অংশে সাধারণ দর্শনার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের দেশি-বিদেশি ট্যুর প্যাকেজ, এয়ার টিকিট, হোটেল ও রিসোর্ট বুকিং, ভিসা সেবা, বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যের তথ্য এবং বিশেষ ট্রাভেল অফার সম্পর্কে সরাসরি জানতে পারবেন। “BTM হবে বাংলাদেশের পর্যটন বাণিজ্যের আন্তর্জাতিক সংযোগস্থল”
বোটোয়া সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ বলেন, “বাংলাদেশ ট্রাভেল মার্টকে আমরা শুধু একটি প্রদর্শনী হিসেবে দেখছি না। এটি বাংলাদেশের পর্যটন ব্যবসার সঙ্গে আন্তর্জাতিক পর্যটন বাজারের সরাসরি সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য দেশি-বিদেশি Buyer, Seller এবং পর্যটন সেবাদাতাদের একই জায়গায় এনে বাস্তব ব্যবসায়িক সুযোগ তৈরি করা।”
তিনি বলেন, বাংলাদেশের পর্যটন খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক পর্যটন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ যত বাড়বে, ততই দেশের পর্যটন, হসপিটালিটি ও এভিয়েশন খাতে নতুন বাজার, বিনিয়োগ এবং সহযোগিতার সুযোগ তৈরি হবে।
বোটোয়ার সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, “বিটিএম ২০২৬-এর প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। আমরা এমন একটি আন্তর্জাতিক মানের ট্রাভেল ট্রেড প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে প্রদর্শনী দেখার পাশাপাশি বাস্তব ব্যবসায়িক যোগাযোগ ও ফলপ্রসূ B2B মিটিং হবে। একই সঙ্গে সাধারণ ভ্রমণপ্রেমীরাও বিভিন্ন প্রতিষ্ঠান ও গন্তব্যের অফার সরাসরি যাচাই করার সুযোগ পাবেন।”
ট্রাভেল মার্টের চিফ কো-অর্ডিনেটর মহসীন ইকবাল বলেন,“অনলাইন PSA ব্যবস্থার মাধ্যমে Buyer ও Seller-দের আগেই পরস্পরের সঙ্গে মিটিং নির্ধারণের সুযোগ রাখা হয়েছে। ফলে অংশগ্রহণকারীরা পরিকল্পিতভাবে তাদের সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে বৈঠক করতে পারবেন। আমাদের লক্ষ্য, বিটিএম ২০২৬-এ অংশগ্রহণকারীরা শুধু নেটওয়ার্কিং নয়, বাস্তব ব্যবসায়িক সম্ভাবনা, নতুন অংশীদার এবং ভবিষ্যৎ বাজার সম্প্রসারণের সুযোগ নিয়ে ফিরবেন।”
আয়োজকরা মনে করছেন, বিটিএম ২০২৬ বাংলাদেশের পর্যটন খাতের জন্য শুধু একটি তিন দিনের আয়োজন নয়; বরং এটি ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যটন বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার একটি নিয়মিত ট্রেড প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠতে পারে।
বিশেষ করে আন্তর্জাতিক Buyer-Seller Meeting, ট্রেড নেটওয়ার্কিং এবং দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে পর্যটন, হসপিটালিটি ও এভিয়েশন খাতে নতুন ব্যবসা, বাজার সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা আয়োজকদের।
বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬ অনুষ্ঠিত হবে ৩–৫ সেপ্টেম্বর ২০২৬, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, বাংলাদেশে।
আয়োজনে: বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (BOTOA)।



