স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ


আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সোমবার (৩১ আগস্ট) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৩০ আগস্ট) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই সময় ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ভোটার তালিকা হালনাগাদে নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন।
হালনাগাদ শেষে দেশে মোট ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। তবে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি পেছানো হলে ভোটার নিবন্ধনের সময় বাড়ানো হবে। সেক্ষেত্রে নতুন ভোটারদের সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
নির্বাচন কমিশনের সবশেষ চূড়ান্ত হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার রয়েছেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।
ইসি জানিয়েছে, আগামী নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ভোটার তালিকা চূড়ান্ত করাসহ প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।



