খুলনার অপহরণ-হত্যা মামলার ‘নিহত’ ভিকটিম ঢাকায় জীবিত উদ্ধার


খুলনা ব্যুরো : খুলনা জেলার কয়রা থানায় দায়ের করা একটি অপহরণ ও হত্যা মামলার কথিত ভিকটিম আয়শা খাতুন (৩৬)-কে রাজধানী ঢাকা থেকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা জেলা।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১১ জুলাই আয়শা খাতুনকে কয়রা থানার মসজিদকুড় ব্রিজ এলাকা থেকে তার স্বামী ইসলাম সরদারসহ তিনজন মিলে মাইক্রোবাসে করে অপহরণ করা হয়।
পরে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করে লাশ গুম করা হয়েছে—এমন আশঙ্কা থেকে তার মা মোছা. আমেনা খাতুন ৩ আগস্ট আদালতে মামলা করেন।
মামলাটি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, কয়রায় সিআর মামলা হিসেবে দায়ের করা হয়। আদালতের নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই, খুলনা জেলা।
পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের দিকনির্দেশনায় এবং খুলনার বিশেষ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবার তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) এসএম রাজীব রায়হান আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, আয়শা খাতুন ঢাকায় অবস্থান করছেন।
এরপর পিবিআইয়ের একটি আভিযানিক দল গত ২৭ আগস্ট সকাল ৮টার দিকে ঢাকায় অভিযান চালিয়ে আয়শা খাতুনকে জীবিত উদ্ধার করে।
উদ্ধারের পর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে আয়শা জানান, প্রায় ১২ বছর আগে ইসলাম সরদারের সঙ্গে তার বিয়ে হয়। পারিবারিক মনোমালিন্যের কারণে তিনি আর সংসার করতে চাইছিলেন না। পরিবারের চাপে স্বামীর বাড়িতে যাওয়ার পর প্রায় দেড় মাস আগে কাউকে না জানিয়ে স্বেচ্ছায় ঢাকায় চলে যান এবং সেখানে আত্মগোপনে থাকেন।
আয়শার নিখোঁজ হওয়ার বিষয়টি না জেনেই তার মা অপহরণ ও হত্যার আশঙ্কায় মামলা করেছিলেন বলে জবানবন্দিতে উঠে আসে।
পিবিআই, খুলনার বিশেষ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা বলেন, কথিত অপহরণ ও হত্যা মামলার ভিকটিমকে দ্রুত জীবিত উদ্ধার করতে পারায় পিবিআইয়ের প্রতি জনগণের আস্থা আরও বাড়বে। মামলাটির আইনি প্রক্রিয়া ও তদন্ত অব্যাহত রয়েছে।



