জাতীয়

ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে লাখো মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। সাদা পোশাক ও টুপি পরা মানুষের উপস্থিতি, কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, রঙিন ফেস্টুন ও জাতীয় পতাকায় মুখর হয়ে ওঠে রাজধানীর বিভিন্ন সড়ক।

বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার আয়োজনে এই জশনে জুলুস অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।

ভোরের আলো ফোটার আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ সুফিবাদী জনতা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো উদ্যান পরিণত হয় মানুষের বিশাল মিলনমেলায়।

নারী, পুরুষ ও বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম গেট থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয় সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ। শোভাযাত্রার অগ্রভাগে থাকা বিশাল ব্যানারে লেখা ছিল ‘ইয়া নবী সালামু আলাইকা’ ও ‘ইয়া রাসূল সালামু আলাইকা’। অংশগ্রহণকারীদের হাতে ছিল কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড ও নানা বার্তা সংবলিত ফেস্টুন। বিশাল জাতীয় পতাকা বহন করেও অনেকেই শোভাযাত্রায় অংশ নেন।

অংশগ্রহণকারীদের গায়ে ছিল সাদা টি-শার্ট, মাথায় সাদা ক্যাপ। শোভাযাত্রার পুরো পথে মুখরিত হতে থাকে ‘নারায়ে তাকবীর’ ও ‘নারায়ে রিসালাত’সহ নানা ধর্মীয় স্লোগান। নবীপ্রেমের আবেগ ও উৎসবমুখর পরিবেশে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তৈরি হয় এক ভিন্ন আবহ।

এই বিভাগের আরও সংবাদ