খুলনা

বিএনকিউএফ ও অ্যাক্রেডিটেশনের মাধ্যমে উচ্চশিক্ষার মানোন্নয়নে খুকৃবিতে সেমিনার অনুষ্ঠিত

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো বা বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (BNQF) এবং অ্যাক্রেডিটেশনের মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত, আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষাব্যবস্থার উন্নয়ন, দক্ষ গ্র্যাজুয়েট এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Strengthening Higher Education through BNQF and Accreditation’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান।

সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম প্রণয়ন এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ও আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শহীদ রেজা এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুক।

বক্তারা BNQF-এর ধারণা, উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক উচ্চশিক্ষা ব্যবস্থায় শুধু সনদ প্রদানই যথেষ্ট নয়; একজন শিক্ষার্থী নির্দিষ্ট একটি শিক্ষা কার্যক্রম সম্পন্ন করার পর কী ধরনের জ্ঞান, দক্ষতা, সক্ষমতা ও মূল্যবোধ অর্জন করবে, তা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে জাতীয় যোগ্যতা কাঠামো শিক্ষার বিভিন্ন স্তরের অর্জন ও দক্ষতার মধ্যে একটি সুস্পষ্ট সংযোগ স্থাপনে সহায়ক ভূমিকা পালন করে।

তারা আরও বলেন, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, পাঠ্যক্রম, শিক্ষকতার মান, গবেষণা, অবকাঠামো, শিক্ষার্থী সহায়তা এবং প্রশাসনিক ব্যবস্থাপনার গুণগত মান মূল্যায়ন ও উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের শক্তি ও দুর্বলতা চিহ্নিত করে ধারাবাহিক উন্নয়নের কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে পারে।

সেমিনারে সভাপতিত্ব করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. নওশীন জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ জহুরুল ইসলাম।

আলোচনায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ গুণগত মান নিশ্চিতকরণ ব্যবস্থাকে আরও কার্যকর করা, ফলাফলভিত্তিক শিক্ষা পদ্ধতির বাস্তবায়ন, শিক্ষাক্রমের ধারাবাহিক মূল্যায়ন ও হালনাগাদ, শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার গ্রহণযোগ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে উপস্থিত শিক্ষক ও কর্মকর্তারা BNQF এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন এবং উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে আইকিউএসি-এর কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর মতামত তুলে ধরেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ছায়া ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ