খুলনা

ডেঙ্গু প্রতিরোধে কেসিসির মোবাইল কোর্ট ; ৩ জনকে ৫ হাজার টাকা জরিমানা

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে নগরীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ১৬ আগস্ট রবিবার কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাড়ির আঙ্গিনা অপরিচ্ছন্ন রাখার দায়ে তিনজনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টের দ্বিতীয় দিনে নগরীর কয়লাঘাট এলাকার কাগজী বাড়ি লেনের মো. মোখলেছুর রহমানকে ২ হাজার টাকা, একই লেনের আব্দুস সালামকে ২ হাজার টাকা এবং গগন বাবু রোডের মো. ইয়াসিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

ডেঙ্গু সংক্রমণ রোধে নগরীতে মশক নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কেসিসির উদ্যোগে ক্রাশ প্রোগ্রাম চলছে। এর পাশাপাশি নিজ নিজ বাড়ি ও স্থাপনার সীমানায় মশার প্রজননস্থল বা লার্ভা পাওয়া গেলে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শনিবার থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নগরবাসীকে নিজ নিজ বাড়ি ও স্থাপনার ভেতরে টায়ার, কৌটা, ডিমের খোসা, ডাবের খোল, ফুলের টব, বেসিনের নিচে, ফ্রিজ ও এসির পাশে এবং সানসেটে পানি জমে আছে কি না তা নিয়মিত পর্যবেক্ষণের অনুরোধ জানিয়েছে কেসিসি। একই সঙ্গে বাড়ির আঙ্গিনা নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

অভিযানকালে কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমানসহ কেএমপির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কেসিসি জানিয়েছে, জনস্বার্থে ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ