প্রতিটি ওয়ার্ডে শিশুদের জন্য ফুটসাল মাঠ নির্মাণ করা হবে: কেসিসি প্রশাসক


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নগরবাসীর কল্যাণে শিক্ষা, প্রাথমিক চিকিৎসা, মা ও শিশু পুষ্টি নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে। শিশুদের খেলাধুলার সুযোগ বাড়াতে নগরীর প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
১৪ আগস্ট শুক্রবার সকালে নগরীর রূপসা স্ট্র্যান্ড রোডে ব্যাপ্টিস্ট শিশু সদনে আয়োজিত ‘পুনর্মিলনী-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শিশু সদনের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে একটি মানবিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করায় তিনি প্রতিষ্ঠাতাদের প্রতি কৃতজ্ঞ। শিশুদের প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে এ প্রতিষ্ঠানটি যে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করছে, তা সবার জন্য শিক্ষনীয়।
তিনি বলেন, ব্যাপ্টিস্ট শিশু সদনে লেখাপড়া করে যারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প অন্যদের অনুপ্রেরণা জোগাবে। প্রতিষ্ঠানের উন্নয়নে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।
প্রশাসক আরও বলেন, ব্যাপ্টিস্ট শিশু সদনকে মডেল হিসেবে গ্রহণ করে সিটি কর্পোরেশনের উদ্যোগে অনুরূপ একটি প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছা রয়েছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
খুলনা আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি মিথিলেস বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টনারশীপ কোঅর্ডিনেটর এ্যাডয়ার্ড এলিও মধু এবং জার্মানের লিবেনজিল মিশন ইন্টারন্যাশনালের প্রতিনিধি রেভা. মিখা উলমার।
অনুষ্ঠানে ব্যাপ্টিস্ট শিশু সদনের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন প্রকল্প ম্যানেজার রেভা. রূপক হেবল বালা।



