খুলনা

ডেঙ্গু রোধে কেসিসির ক্রাশ প্রোগ্রাম শুরু

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে মশক নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)।

১৩ আগষ্ঠ বৃহস্পতিবার সকালে নগরীর খান জাহান আলী রোডের সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সামনে, দিলখোলা রোড ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এলাকায় পৃথকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

উদ্বোধনকালে প্রশাসক বলেন, ডেঙ্গু মোকাবিলায় নগরবাসীকে আরও সচেতন হতে হবে। কেসিসির কার্যক্রমের পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে নগরবাসীকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সর্বশক্তি নিয়োগ করা হয়েছে। আগে ওয়ার্ডভিত্তিক কার্যক্রম চললেও বৃহস্পতিবার থেকে তা আরও জোরদার করা হয়েছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রাম তদারকির জন্য নগরীর ৩১টি ওয়ার্ডকে তিনটি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের কার্যক্রম তদারকিতে একজন করে কর্মকর্তার নেতৃত্বে পৃথক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে বৃহস্পতিবার বিকেলে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নবনির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন করেন। কেসিসির ‘বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন’ প্রকল্পের আওতায় প্রায় ৪৮ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে।

কেসিসি কর্তৃপক্ষের আশা, নতুন এসটিএস চালুর ফলে হাসপাতালের মেডিকেল বর্জ্যসহ আশপাশের এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় আরও কার্যকর পরিবর্তন আসবে।

ক্রাশ প্রোগ্রাম উদ্বোধনের সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ