রাজশাহী

রাজশাহী রেলস্টেশনে কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি: রাজশাহী রেলস্টেশনে এক কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে কুষ্টিয়ায় রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন সূত্রে, চীফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আহছান উল্লাহ ভূইয়া এর উপর রাজশাহী স্টেশনে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহনের দাবিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া রেল স্টেশন প্লাটফর্মে মানববন্ধনের আয়োজন করে।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া স্টেশন মাস্টার জামাল উদ্দিন, সহকারী স্টেশন মাস্টার রুনা লায়লা ও মোহাম্মদ সোহেল, বুকিং ইনচার্জ ইতিয়ারা খাতুন ও মোহাম্মদ শিশির আহমেদ, আর এন বি ইনচার্জ মোরফিকুল ইসলাম, সিপাহী তারেক রহমান খান, সিপাহী তনময় রায়হান, রেলওয়ে পৌষ সোসাইটি কুষ্টিয়া জেলা সদস্য সচিব মোহাম্মদ সরোয়ার হোসেন, টিকিট কালেক্টর তরিকুল ইসলাম ও শ্যামলী খাতুন, পোটার মোহাম্মদ সম্রাট, মোহম্মদ হান্নান, মোঃ হারুন প্রমূখ।

মানববন্ধনে অংশ গ্রহনকারীরা বলেন, একজন দায়িত্বরত কর্মকর্তার ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই৷ গত ৭ আগস্ট রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর রাজশাহী রেলওয়ে স্টেশনে রেল কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এছাড়া কুষ্টিয়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মচারী সরোয়ার হোসেন বলেন, কর্মস্থলে দায়িত্ব পালনকালে একজন রেলওয়ে কর্মকর্তার ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনা শুধু একজন কর্মকর্তার নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং সরকারি দায়িত্ব পালনের পরিবেশকেও বাধাগ্রস্ত করে।

তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ৭ আগস্ট সিল্কসিটি এক্সপ্রেসে টিকিটবিহীন যাত্রী ওঠাকে কেন্দ্র করে প্রথমে ট্রেনের ভেতরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছালে মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের আসাম কলোনি এলাকার কয়েকজনের সঙ্গে রেলওয়ের কর্মকর্তাদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে সিসিএম আহসান উল্লাহ ভূঁইয়া ও আরএনবির এএসআই ফজলুর রহমানকে মারধরের অভিযোগ ওঠে।

অন্য বক্তারা বলেন, দায়িত্ব পালনরত রেলওয়ের যে কোন কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে অংশ নেন।

এই বিভাগের আরও সংবাদ