সাদুল্লাপুরে সাংবাদিকের যমজ কন্যার কৃতিত্ব, এসএসসিতে দুজনেরই জিপিএ-৫


পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছে সাংবাদিক মামুনুর রশীদ মামুনের যমজ কন্যা মোছা. মারিয়াম আক্তার মিথিলা ও মোছা. মারিয়াম আক্তার মিথুন।
যমজ দুই বোনের এমন কৃতিত্বে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাদের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী ছিল যমজ দুই বোন। নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের পরামর্শ ও পরিবারের সার্বিক সহযোগিতায় তারা এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করেছে।
সাংবাদিক মামুনুর রশীদ মামুন বলেন, মেয়েদের এই সাফল্যে তিনি ও তার পরিবার অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও তারা যেন ভালো ফলাফল অর্জন করতে পারে এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে—এ জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোছা. মারিয়াম আক্তার মিথিলা বলেন, “এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে আমি খুবই আনন্দিত। আমার এই সাফল্যের পেছনে বাবা-মা, বিদ্যালয়ের শিক্ষক ও পরিবারের সদস্যদের অনেক অবদান রয়েছে। তারা সবসময় আমাকে পড়াশোনায় উৎসাহ ও সহযোগিতা করেছেন। ভবিষ্যতে আরও ভালোভাবে পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ করতে চাই। আমি ভবিষ্যতে একজন শিক্ষক হতে চাই। এজন্য সবার কাছে দোয়া চাই।”
খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, যমজ দুই শিক্ষার্থীর ফলাফলে তারা অত্যন্ত আনন্দিত। তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য ও স্বপ্ন পূরণের জন্য তিনি সবার দোয়া কামনা করেন।



