খুলনা

খুলনার আড়ংঘাটায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত ; আটক ২

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতী বাইপাস এলাকায় পিকআপের ধাক্কায় বিষে মালো (৬৭) নামে এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ চালক মো. আনিসুল হক (২৭) ও ডেলিভারিম্যান হৃদয় (২৯)কে আটক করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে কাঠমান্ডু রেস্টুরেন্টের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিষে ম্যালোর বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা সোনাতলা ঘাট এলাকায়। আটক পিকআপচালক মো. আনিসুল হক নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা। তার বাবার নাম মো. আমিনুর রহমান। আর ডেলিভারিম্যান হৃদয়ের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আড়ংঘাটা বাইপাসের মাছের আড়ৎ থেকে মাছের টিপ নিয়ে ভ্যান চালিয়ে আফিল গেটের দিকে যাচ্ছিলেন বিষে ম্যালো। একই সময় পথের বাজার ডিপো থেকে মালামাল নিয়ে আরএফএল কোম্পানির একটি পিকআপ (ঢাকা মেট্রো-অ-১১৩৭৬৫) মোড়েলগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। ঘটনাস্থলে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সামনে পড়ে গেলে পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

আড়ংঘাটা থানার ডিউটি অফিসার এসআই সঞ্জীব বিশ্বাস জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় দোকানদার মুজাহিদ বলেন, খুলনা বাইপাস-তেলিগাতী সড়কে ভারী ও মাঝারি বাণিজ্যিক যানবাহন, বিশেষ করে ডেলিভারি পিকআপ ও ট্রাক, প্রায়ই অতিরিক্ত গতিতে চলাচল করে। ফলে সড়কটিতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কামরুল ইসলাম তরঙ্গ নিউজকে বলেন, তেলিগাতী মোড় ও কাঠমান্ডু রেস্টুরেন্ট-সংলগ্ন এলাকাটি একটি ব্যস্ত পয়েন্ট। সংযোগ সড়ক থেকে মূল সড়কে ভ্যান ও ইজিবাইক ওঠার সময় সেখানে প্রায়ই নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটে। এ কারণে এলাকাটিতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।

এই বিভাগের আরও সংবাদ