সাংবাদিকতার আড়ালে ইয়াবা ব্যবসা, কঠোর ব্যবস্থা চায় এমইউজে


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : সাংবাদিকতা ও বিভিন্ন সংগঠনের আড়ালে ইয়াবা ব্যবসাসহ নানা সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), খুলনা।
৯ আগস্ট রবিবার এক বিবৃতিতে এমইউজে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে—কতিপয় সমাজবিরোধী ব্যক্তি সাংবাদিকতা ও বিভিন্ন সংগঠনের পরিচয় ব্যবহার করে ইয়াবা ব্যবসাসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে এসব ব্যক্তির অনেকেই সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত নন; বরং সাংবাদিকতার আড়ালকে ব্যবহার করে তারা বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকতার মতো মহান পেশার ভাবমূর্তি রক্ষায় এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি এসব ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
এমইউজে নেতৃবৃন্দ বলেন, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে সাংবাদিক সমাজ প্রশাসনের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবে।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি এবং খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও খুলনা ওয়াসার সদস্য আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামানসহ নির্বাহী কমিটির সদস্যরা।
এ ছাড়া অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড. মো. জাকির হোসেন এবং সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।



