দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনা জেলা যুবদলের দুই নেতা বহিষ্কার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের অভিযোগে খুলনার যুবদলের দুই নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সঙ্গে ঠাকুরগাঁও জেলা যুবদলের কমিটিতে নতুন এক নেতাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট ২০২৬) যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় — দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সুনির্দিষ্ট অভিযোগে খুলনা জেলা যুবদলের সদস্য এস এম নাসির উদ্দিন এবং খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লিটনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এই বহিষ্কার ও অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর করেছেন।



