চুয়াডাঙ্গা

জীবননগর সীমান্তে ৩ জনকে পুশ-ইন অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফ কর্তৃক ৩ জন ব্যক্তিকে (১ জন পুরুষ ও ২ জন নারী) অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৯ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক রাত ০৩ টা ১০ মিনিটের দিকে বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তের সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর অবস্থিত গেট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা ৩ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করে।

বাংলাদেশে প্রবেশের পূর্বেই বিজিবির মাধবখালী বিওপির টহলদলের নজরে পড়লে বিজিবি সদস্যরা শূন্যলাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে উক্ত ৩ জন ব্যক্তি সীমান্তের শূন্যলাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেয়।

পরবর্তীতে আনুমানিক ০৫২০ ঘটিকায় তারা ভারতের কাঁটাতারের নিকট ফিরে যায়। এরপর ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা আনুমানিক ০৭৫৫ ঘটিকায় সীমান্ত পিলার ৬৮/৫-এস বরাবর গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বিজিবির তাৎক্ষণিক ও দৃঢ় তৎপরতার ফলে বিএসএফ কর্তৃক অবৈধ পুশ-ইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। এ বিষয়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ