চুয়াডাঙ্গায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


চুয়াডাঙ্গা প্রতিনিধি : বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস জাতীয়ভাবে পালন উপলক্ষে চুয়াডাঙ্গায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মিজ লুৎফুন নাহার। প্রস্তুতি সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ অক্টোবর বাউল সাধক লালন শাহের তিরোধান দিবসটি জাতীয়ভাবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে উদযাপিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলাজুড়ে লালন সাঁইয়ের অহিংস ও অসাম্প্রদায়িক মানবতাবাদী দর্শন ছড়িয়ে দিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও বাউল সংগীতানুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানগুলো সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ও তদারকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



