গাইবান্ধা

বকেয়া বিদ্যুৎ বিলের মামলায় পলাশবাড়ীতে নুরুন্নবী মৃধা গ্রেফতার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে বকেয়া বিদ্যুৎ বিলের মামলায় নুরুন্নবী মৃধা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাতে পলাশবাড়ী থানা পুলিশ তাকে আটক করে।

গ্রেফতার নুরুন্নবী মৃধা পলাশবাড়ী উপজেলার হাসনেরপাড়া গ্রামের কছিরউদ্দিন মৃধার ছেলে । তার বিরুদ্ধে বকেয়া বিদ্যুৎ বিলের অভিযোগে আদালতে মামলা রয়েছে। মামলার নথি অনুযায়ী, বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ ১ লাখ ২৪ হাজার ৯৭৭ টাকা।

এ ঘটনায় তার বিরুদ্ধে সিআর মামলা নম্বর-১৫২৯/২৩ দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে পলাশবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে।

এছাড়া নুরুন্নবী মৃধার বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনে অন্যের জমি নিজের বলে প্রচার, দখল ও ক্ষতিসাধনের অভিযোগে আরও একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে ৬ নম্বর আসামি করা হয়েছে। মামলাটির নম্বর- ০৫, তারিখ ৩ আগস্ট ২০২৬। এতে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনের ৪(২)/৭(৩)/১০ ধারার উল্লেখ রয়েছে।

পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ নুরুন্নবী মৃধার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ