খুলনা

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩,৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬, খুলনার সদর কোম্পানি।

গণমাধ্যমে পাঠানো র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোল্লিখিত তথ্য জানানো হয়।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুঁটিখালী গ্রামের নাসির উদ্দীন সেন্টু (৩৭) ও তার স্ত্রী সাফিয়া বেগম (৩২), এবং কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী গ্রামের মারিয়াম (২০) ও আয়শা। নাসির ও সাফিয়া বর্তমানে খুলনার সদর থানার মিয়াপাড়া এলাকায় বসবাস করছিলেন বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৬ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে মিয়াপাড়ায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৩,৯৫৮ পিস। তবে প্রেস রিলিজের আরেক অংশে উদ্ধার করা ইয়াবার সংখ্যা ৪,০০০ পিস উল্লেখ করা হয়েছে।

র‌্যাব জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের উদ্ধার করা মাদকদ্রব্যসহ সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

এই বিভাগের আরও সংবাদ