খুলনা

খুলনার সোনাডাঙ্গায় সোনা চুরি করে পালানোর সময় নারী আটক

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন শেখপাড়া এলাকার একটি বাসা থেকে সোনা চুরি করে পালিয়ে যাওয়ার সময় রেহেনা বেগম নামের এক নারীকে আটক করা হয়। ৬ আগষ্ঠ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তাকে সোনাডাঙ্গা থানার শেখপাড়া হাজী ইসমাইল সড়ক থেকে আটক করা হয়। উক্ত নারী চট্টগ্রাম জেলার বাইজিদ উপজেলার শেরশাহ ২নং ওয়ার্ডের বাসিন্দা আ: ছাত্তার মল্লিকের স্ত্রী।

কেএমপি’র সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার ( এসি, সোনাডাঙ্গা, কেএমপি) মোঃ হুমায়ুন কবির উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং তরঙ্গ নিউজকে জানান, গ্রেফতারকৃত রেহেনা বেগমকে সামারী ট্রায়ালের মাধ্যমে ৬ মাসের সাজা প্রদান করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, খুলনার শেখপাড়া হাজী ইসমাইল সড়কের ২১ নং বাড়ির চতুর্থ তলার বাসিন্দা শোভা তার ছেলেকে টিফিন খাওয়ানোর জন্য স্কুলে যায়। বাড়ি ফিরে এসে ঘরের দরজা খোলা দেখে তার সন্দেহ হয়। এ সময় উক্ত নারীকে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ আরও ঘনীভূত হয়। উক্ত নারী নীচে নামার সময় শোভা তাকে জাপটে ধরে এবং তাকে মারধর করতে থাকে। পরে চিৎকার দিলে স্থানীয়রা জড়ো হয়। এ সময়ে তাকে স্থানীয়রা আটক করে ফেলে। তার দেহ তল্লাশি করে ব্যাগ থেকে সোনা উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ