গাইবান্ধা

পলাশবাড়ীতে নবম শ্রেণির শিক্ষার্থী-অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী সুতি মাহমুদ (এসএম) মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে নবম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের অগ্রগতি ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে শিক্ষার্থী-অভিভাবক পরামর্শমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বিদ্যালয়ের নিজস্ব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শ্রেণিকক্ষের কার্যক্রম, শৃঙ্খলা, পরীক্ষার ফলাফল এবং সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নে করণীয় বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে খোলামেলা আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল বারী। তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা এবং নিয়মিত যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় অভিভাবকরা শিক্ষার্থীদের পাঠদানের বর্তমান অবস্থা, বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম, শ্রেণি পরিচালনা, শৃঙ্খলা ও শিক্ষা-সংক্রান্ত নানা বিষয় নিয়ে তাঁদের মতামত, পরামর্শ এবং গঠনমূলক সুপারিশ তুলে ধরেন। পাশাপাশি বিদ্যালয়ের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক দিক নিয়েও আলোচনা হয়।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান সেলিম, মামুনুর রশিদ, নিখিল চন্দ্র সরকারসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠে মনোযোগ বৃদ্ধি এবং অভিভাবকদের সচেতন ভূমিকার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

সভা শেষে শিক্ষার্থীদের শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক-অভিভাবকদের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ