নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি, ভূষণ স্কুলে মাদকবিরোধী শপথ ও সমাবেশ


মানিক ঘোষ, নিজস্ব প্রতিবেদক: তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে ঝিনাইদহের কালীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে স্কুলের হলরুমে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ, উপহার বিতরণ ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। “নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয় চত্বরে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার মূল উদ্দেশ্য হলো নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। মাদক কেবল একটি জীবনকে ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজকে অন্ধকারে তলিয়ে দেয়। তোমাদের হাতে থাকবে কলম, কোনো নেশার বস্তু নয়।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পরামর্শ দেন। তিনি বলেন, তরুণ সমাজকে সচেতন করার মাধ্যমে আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পারি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর রবিউল ইসলাম। তিনি মাদকের আইনি ও সামাজিক কুফল তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন করেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট এবং শিক্ষাসামগ্রী হিসেবে স্কেল ও কলম উপহার দেওয়া হয়। এরপর উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষকমণ্ডলী এবং শত শত শিক্ষার্থী সমস্বরে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করেন। শিক্ষার্থীরা হাত তুলে শপথ নেন যে, তারা নিজেরা কখনো মাদক স্পর্শ করবেন না এবং সমাজ থেকে মাদক নির্মূলে একতাবদ্ধ হয়ে কাজ করবেন।
সমাবেশে বিদ্যালয়ের সকল স্তরের শিক্ষকমণ্ডলী, কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



