জনগণের রক্তের বিনিময়ে অর্জিত প্রত্যাশাকে উপেক্ষা করার সুযোগ কারও নেই: নজরুল ইসলাম লেবু


পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ “জনগণের রক্তের বিনিময়ে অর্জিত প্রত্যাশাকে উপেক্ষা করার সুযোগ কারও নেই। জনগণের মতামতের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে গণভোটের গণরায় ও জুলাই সনদের দ্রুত এবং কার্যকর বাস্তবায়ন করতে হবে। জনগণের আকাঙ্ক্ষাই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হওয়া উচিত।” কথা গুলো বলেছেন,
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম লেবু, বুধবার (৫ আগষ্ট) পলাশবাড়ী চৌমাথায় গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, এই সমাবেশ কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং জনগণের অধিকার, গণতন্ত্র এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি এমন একটি বাংলাদেশ গড়ার আহ্বান জানান, যেখানে ভোট হবে জনগণের, সিদ্ধান্ত হবে জনগণের এবং রাষ্ট্র পরিচালিত হবে জনগণের কল্যাণে।
সংসদ সদস্য অধ্যক্ষ লেবু বলেন, দেশে আইনের শাসন, নিরপেক্ষ বিচারব্যবস্থা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো নাগরিক যেন বৈষম্যের শিকার না হন, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি অতীতের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও কিশোরীগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কারযাভী, ওলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুল মজিদ আকন্দ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব সরকার, পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক বেলাল উদ্দিন সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও পৌর মেয়র প্রার্থী খাইরুল ইসলাম চান, জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আব্দুল লতিফ সরকার, এনসিপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক, এনসিপি নেতা মাসুদ রানা, খেলাফত মজলিশের উপজেলা সেক্রেটারি মাকছুদুন্নবী, পৌর সেক্রেটারি আল আমিন ইসলাম এবং এবি পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান প্রমুখ।



