জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে বাস্তবায়ন করতে চায় সরকার: তথ্যমন্ত্রী


তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বাস্তবায়ন করতে চায় বর্তমান সরকার। তিনি বলেন, সবকিছু বাস্তবায়ন করতে হবে পার্লামেন্টের মাধ্যমে। এর বাহিরে কোনো কিছু করার সুযোগ নেই।
সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এসব কথা বলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, এত ত্যাগের পর অর্জিত এ গণতন্ত্র, সব রাজনৈতিক কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। কিন্তু পার্লামেন্টের বাহিরে এসে নানা চর্চা করা হচ্ছে।
এসময় তিনি বলেন, শহিদদেরকে স্মরণ করার নামে কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিল করতে চাইলে তা হবে না। এ আত্মত্যাগের পরেও এখনও ঐকমত্য তৈরি হয়নি।
তথ্যমন্ত্রী বলেন, সংসদ ও রাজনীতিতে সহযোগিতা চায় বর্তমান সরকার। সরকার স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অক্ষরও বাস্তবায়ন করতে চায়। সেকারণে সবার সহযোগিতা প্রত্যাশা করে সরকার।



