খুলনা

কেএমপিতে বিদায়ী পুলিশ কমিশনারকে সংবর্ধনা

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে গ্র্যান্ড কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় কেএমপি পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত অনুষ্ঠানে বদলিজনিত কারণে বিদায়ী পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে পুলিশ কমিশনার পেশাদারিত্ব, সততা, মানবিকতা ও দূরদর্শী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জনবান্ধব পুলিশিং, পুলিশ সদস্যদের কল্যাণ এবং জনগণের আস্থা অর্জনে তাঁর আন্তরিক ভূমিকা কেএমপির সদস্যদের অনুপ্রাণিত করবে।

বিদায়ী পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, আল্লাহর সৃষ্ট প্রতিটি প্রাণীর প্রতি ভালোবাসা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ছোট ছোট মানবিক উদ্যোগই একটি সুন্দর সমাজ গঠনের ভিত্তি। তিনি বলেন, একজন পুলিশ সদস্যের সবচেয়ে বড় শক্তি তার মানবিক আচরণ, সততা, আত্মসমালোচনা ও জনগণের প্রতি আন্তরিক সেবা।

তিনি পুলিশ সদস্যদের কল্যাণ, মানসিক সুস্থতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিভেদ নয় ঐক্য, প্রতিশোধ নয় ক্ষমা এবং ক্ষমতার প্রদর্শন নয়—সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের সদস্যদের কল্যাণ, মর্যাদা ও পেশাগত উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি) এম. এম. শাকিলুজ্জামানসহ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ