জাতীয়

তারেক রহমানের নেতৃত্বের ওপর যুক্তরাষ্ট্রের দৃঢ় আস্থা রয়েছে: সার্জিও গর

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ওপর যুক্তরাষ্ট্র সরকারের দৃঢ় আস্থা রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসেছে।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে সার্জিও গর বলেন, বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের আস্থা আরও জোরদার হয়েছে। এরই প্রতিফলন হিসেবে বাংলাদেশ-সংক্রান্ত বিদ্যমান মার্কিন ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) ইতিবাচকভাবে সংশোধন করা হয়েছে। তাঁর মতে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দেবে যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত।

বৈঠকে রোহিঙ্গা সংকটও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে বিশেষ দূত বাংলাদেশ সরকার ও জনগণের মানবিক ভূমিকার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তার অর্ধেকেরও বেশি যুক্তরাষ্ট্র থেকে আসে। এ জন্য তিনি যুক্তরাষ্ট্র সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। সার্জিও গর রোহিঙ্গা সংকটের একটি টেকসই রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)-এর সহযোগিতায় পরীক্ষামূলক কার্যক্রম পুনরায় চালুর বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে উভয় পক্ষ একসঙ্গে কাজ করতে সম্মত হয়।

প্রধানমন্ত্রী বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগের আহ্বান জানিয়ে সয়াবিন, তুলা, গমসহ বিভিন্ন কৃষিপণ্যের গুদামজাতকরণ অবকাঠামোতে বিনিয়োগের আমন্ত্রণ জানান। তিনি বলেন, এসব খাতে বিনিয়োগ দেশের সরবরাহব্যবস্থাকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের আগ্রহের কথাও তুলে ধরেন তিনি।

জবাবে সার্জিও গর বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে দেশটি প্যাক্স সিলিকা (PAX Silica) উদ্যোগের অংশীদার হতে পারে।

বৈঠকে পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদি আমিন, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ