ওআইডির পর এবার পিআইসি, আন্তর্জাতিক অঙ্গনে আরও এক ধাপ এগোল কুবি


কুবি প্রতিনিধি: ইউরোপীয় কমিশনের (ইসি) পার্টিসিপ্যান্ট আইডেন্টিফিকেশন কোড (পিআইসি) নিবন্ধন পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এর মাধ্যমে ইউরোপীয় কমিশনের বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনমূলক কর্মসূচিতে আবেদনকারী বা অংশীদার প্রতিষ্ঠান হিসেবে অংশ নেওয়ার প্রাতিষ্ঠানিক সুযোগ তৈরি হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নামে ৮৬২৮৪৪৪৮৯ নম্বরের পিআইসি বরাদ্দ দেওয়া হয়েছে। এই নিবন্ধনের ফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউরোপীয় কমিশনের বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনমূলক কর্মসূচিতে আবেদনকারী বা অংশীদার প্রতিষ্ঠান হিসেবে অংশগ্রহণের সুযোগ পাবে।
এ ছাড়াও ইরাসমাস+, হরাইজন ইউরোপ, জিন মোনেট এবং অন্যান্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অর্থায়িত প্রকল্পে অংশগ্রহণের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া আরও সহজ হবে। এর পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, যৌথ প্রকল্প, অনুদান এবং বৈশ্বিক অংশীদারত্ব সম্প্রসারণের নতুন সম্ভাবনাও সৃষ্টি হবে।
এ বিষয়ে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক মশিউর রহমান বলেন, ‘পিআইসি নিবন্ধনের ফলে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, প্রশিক্ষণ, প্রকাশনা এবং বিভিন্ন প্রকল্পে কাজ করার সুযোগ বাড়বে। তবে পিআইসি পাওয়া মানেই সরাসরি কোনো প্রকল্প বা অর্থায়ন পাওয়া নয়। এটি মূলত আন্তর্জাতিক বিভিন্ন কর্মসূচিতে আবেদন ও অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক স্বীকৃতি।’
তিনি আরও বলেন, ‘এখন আমাদের মূল কাজ হবে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, মানসম্মত প্রকল্প প্রস্তাব তৈরি করা এবং এই সুযোগকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য বাস্তব সুবিধায় রূপ দেওয়া।’
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইরাসমাস+ কর্মসূচির অর্গানাইজেশন আইডি (ওআইডি) অর্জন করে। বিশ্ববিদ্যালয়ের ওআইডি নম্বর E10413895। ওআইডি অর্জনের পর এবার পিআইসি নিবন্ধনের মাধ্যমে ইউরোপীয় কমিশনের আওতাধীন আরও বিস্তৃত আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা ও অর্থায়ন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়।



