কুমিল্লা

কুবির ভর্তি পরীক্ষা শুরু ৫ ফেব্রুয়ারি, কেন্দ্র থাকছে চবি ও রাবিতেও

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৫ ফেব্রুয়ারি এবং ভর্তির আবেদন শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে। এছাড়া কুমিল্লার পাশাপাশি কেন্দ্র হিসেবে থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ও।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল তিনটায় উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেপুটি রেজিস্ট্রার এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ এর ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ), ৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ‘বি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ), ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশ করা হবে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, “ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এবার কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

এই বিভাগের আরও সংবাদ