খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত


খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. ইসমাইল (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ইসমাইল বড় খালপাড় এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় , নিহত ইসমাইল হত্যা, পুলিশ অ্যাসল্টসহ একাধিক মামলার আসামি ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি যুবলীগের একজন কর্মী হিসেবেও পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তরা ইসমাইলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।



