ইতালিতে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নতুন কমিটি ঘোষণা


ইতালি প্রতিনিধি: প্রবাসে সুদৃঢ় সামাজিক বন্ধন গড়ে তোলা এবং মুন্সীগঞ্জ-বিক্রমপুরের ইতিহাস-ঐতিহ্য রক্ষার অঙ্গীকার নিয়ে ইতালিতে ‘মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি, ইতালি’ এর ২০২৬–২০২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সব মতভেদ ভুলে, সবার মতামতকে গুরুত্ব দিয়ে এবং সর্বস্তরের প্রবাসীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি সর্বজনীন ও দায়িত্বশীল কমিটি উপহার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
২৯ জুলাই রোজ বুধবার ইতালির রোম শহরের তরপিনাতারার রসই রেষ্টুরেন্টে বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব হাবীব চৌধুরী এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জনাব যোবায়ের আহাম্মেদ রিপন এর সঞ্চালনা ও উপস্থিতিতে নতুন কমিটির সত্যায়ন পত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব ওহায়েদ কাঞ্চন এর পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে সমিতির কার্যভার গ্রহণ করেন।

দায়িত্ব হস্তান্তর পর্বের পর, সকল অতিথি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে পূর্ববর্তী আহ্বায়ক কমিটি ২০২৬-কে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সম্মুখে ২০২৬-২০২৯ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। কমিটিতে স্থান পেয়েছেন প্রধান উপদেষ্টা জামান মুক্তার , সভাপতি এলিন আহমেদ মিঠু , সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান , সহ-সভাপতি মোঃ মুজিবুর রহমান শিকদার, সহ-সভাপতি উম্মেহানি চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনূল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ জাকির, ১ নং সম্মানিত সদস্য সাহাদাত হোসেন রনি।
মানবিক সেবা ও ঐতিহ্য রক্ষার অঙ্গীকার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, নতুন এই পরিষদ প্রবাসে ইতালিতে বসবাসরত বাংলাদেশীদের যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবা প্রদান করবে। একই সাথে জন্মভূমির সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে লালন করার লক্ষ্যে তারা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবেন।
অনুষ্ঠানে ইতালি প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নতুন পরিষদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও শুভকামনা জানান।



